খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন ডিজির টেবিলে নিষ্পত্তির অপেক্ষায়

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৬৯ হাজার ২৫২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের (ডিজি) টেবিলে। এসব আবেদনের মধ্যে ২০২৫ সালের ৯৮৩টি এবং ২০২৬ সালের ৬৮ হাজার ২৬৯টি আবেদন রয়েছে। ইসির তৈরি করা মহাপরিচালক ক্যাটাগরির পেন্ডিং আবেদন সংক্রান্ত প্রতিবেদন থেকে রোববার এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মহাপরিচালক ক্যাটাগরিতে মোট ৬৯ হাজার ২৫২টি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের ১০ হাজার ৬১৫টি, ফরিদপুর অঞ্চলের ৫ হাজার ১৪০টি, খুলনা অঞ্চলের ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহ অঞ্চলের ৮ হাজার ৩৩২টি এবং রংপুর অঞ্চলের ৪ হাজার ৪৭৭টি আবেদন রয়েছে।
এ ছাড়া সিলেট অঞ্চলের ৬ হাজার ৪৬৯টি, রাজশাহী অঞ্চলের ৬ হাজার ৮৭৫টি, বরিশাল অঞ্চলের ৪ হাজার ২২৬টি, চট্টগ্রাম অঞ্চলের ৬ হাজার ৬৮৮টি এবং কুমিল্লা অঞ্চলের ১০ হাজার ৫৫৯টি এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব আবেদন মহাপরিচালকের ‘ঘ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হলেন এ এইচ এম আনোয়ার পাশা।
ছয়টি ক্যাটাগরিতে এনআইডি সংশোধন করা হয়। এর মধ্যে ক-১, ক, খ-১, খ, গ আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করেন। ঘ ক্যাটাগরির আবেদন মহাপরিচালক নিষ্পত্তি করেন।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

প্রিন্ট

আরও সংবাদ