খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

দেশে এনে ব্যবস্থা নেওয়া হবে: দুদক

দুর্নীতির মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তথ্য নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোঃ আকতারুল ইসলাম রোববার শেখ আব্দুল হান্নানকে বিষয়টি নিশ্চিত করেন।
ইন্টারপোলের মেইলে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর শেখ আব্দুল হান্নানকে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে।
এর আগে, গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অবঃ) শেখ আব্দুল হান্নানের দু’টি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ২০২৫ সালের ফেব্র“য়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন এই পদ থেকে অবসরে যান।
দেশে এনে ব্যবস্থা নেওয়া হবে:  ইন্টারপোলের সহায়তায় কাতারের দোহায় গ্রেফতার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনটিই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোঃ সাইদুর রহমান খান। রোববার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সাইদুর রহমান বলেন, ‘শনিবার (১৭ অক্টোবর) আনঅফিসিয়ালি বিষয়টি জানার পর রোববার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতার ও দোহায় ইন্টারপোল কর্তৃক গ্রেফতার হয়েছেন। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে অবস্থিত এনসিবি শাখার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভ‚ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থপাচার করেছেন। এসব অভিযোগে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় গত বছরের ২৭ জুলাই ঢাকা-১ কার্যালয়ে মামলা দায়ের করা হয়।’
অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আদালতের আদেশক্রমে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকসহ অবরুদ্ধ করে রিসিভার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দুদক জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে তার হান্নান) সম্পত্তির তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং আদালতের আদেশ ও কমিশনের অনুমোদন সাপেক্ষে তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ