খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

বটিয়াঘাটায় পূজামন্ডপ পরিদর্শনকালে আমির এজাজ খান

‘সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই, সে যে দলেরই হোক’

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমির এজাজ খান বলেছেন, “এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে।” রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার জলমা, বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এমপি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, ছাত্রনেতা বায়েজিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সংসদ সদস্যের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পূজামণ্ডপের আয়োজকরা তাদের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বটিয়াঘাটার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন এবং সব ধর্মের মানুষের অংশগ্রহণে সা¤প্রদায়িক স¤প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

প্রিন্ট

আরও সংবাদ