খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৫৯ পি.এম | ১৯ অক্টোবর ২০২৬

 

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি আশ্বস্ত করেন, ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সহায়তায় এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬ উপলক্ষে আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেন রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন।

তিনি বলেন, দেশে এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছে। নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য খাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এই খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না।

দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ