খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

টাইগার শ্রফকে হত্যাচেষ্টা: বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

খবর বিনোদন |
০২:৪১ পি.এম | ১৯ অক্টোবর ২০২৬


বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিন সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটকদের মধ্যে দুজনের বাড়ি হরিয়ানায় এবং একজনের বাড়ি মহারাষ্ট্রে। জানা গেছে, গ্রেফতার তিনজনই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।

এর আগে মুম্বাই পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করার পর বন্দুকধারীদের ছবি প্রকাশ্যে আসে।

প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা গ্রেফতার এড়াতে মহারাষ্ট্রের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী গুজরাটে প্রবেশ করেছিল।

রোববার (১৮ অক্টোবর) রাতে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে গুলির আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পান এই অভিনেতা। এ ঘটনায় তার গাড়িচালকসহ দুজন আহত হন।

হত্যাচেষ্টার ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। এসব ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ির খুব কাছ থেকে গুলি চালায় দুই বন্দুকধারী।

নতুন একটি ভিডিওতে গুলিবর্ষণের পরপরই টাইগার শ্রফকে নিজের বিএমডব্লিউ সেডানের চালকের আসনে বসে গাড়ির নিয়ন্ত্রণ নিতে দেখা যায়। পরে গুলিতে আহত চালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে নিয়ে যান তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছেন। সেখানে হারমান সন্ধুর নামও এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তারা লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অনিল পণ্ডিত, হারমান সন্ধু ও শুভম লঙ্কার বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয়েছেন। তারা বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে বাবা সিদ্দিকি হত্যা মামলার সঙ্গেও আলোচনায় এসেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে পুলিশের চূড়ান্ত বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় নিজেকে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, তিনি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাইয়ের মতো। টাইগার শ্রফের ওপর হামলার দায় তিনি ও হারমান সন্ধু নিচ্ছেন বলেও দাবি করেন ওই ব্যক্তি।

হিন্দিতে দেওয়া বার্তায় বলা হয়, টাইগারকে আগে ফোন করে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কথা না শোনায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বার্তায় আরও হুমকি দিয়ে বলা হয়, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যারা তাদের কথা শুনবেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করবেন, তারাও পরবর্তী লক্ষ্য হতে পারেন।

সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাং একাধিকবার হত্যার হুমকি দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। টাইগার শ্রফের ওপর হামলার সঙ্গে সালমান খানের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি

প্রিন্ট

আরও সংবাদ