খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

ভুয়া মামলা দিয়ে হয়রানিতে বরখাস্ত সেই বিচারকের বিরুদ্ধে ৫ অপরাধ প্রমাণিত শাস্তির সুপারিশ

খবর প্রতিবেদন |
০১:৩৮ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় বরখাস্ত লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামের বিরুদ্ধে ৫ অপরাধ প্রমাণিত হয়েছে। এসব অপরাধে তার শাস্তির সুপারিশ করা হয়েছে।
এর আগে ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল ২৪। বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে বিচারক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
সেদিন সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েসের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, শরিয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (ক) ও ২ (চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করেছে।
এই অবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ১১ অনুযায়ী লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্ত হবেন বলে জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ