খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা

এবার শীতের স্থায়িত্ব কমতে পারে শঙ্কা আবহাওয়াবিদদের

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


এবার শীতের স্থায়িত্ব কম হতে পারে এবং মৌসুমজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বে শীতের প্রকৃতি সম্পর্কে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার বিষয়ে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। ফলে এবার শীত তুলনামূলক উষ্ণ হতে পারে কিংবা শীতের স্থায়িত্ব কমে আসতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে এল নিনোর প্রভাবে শীতকালে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী বুধবার থেকে শনিবার পর্যন্তও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই। তবে শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিশ্ব আবহাওয়া সংস্থার ১৪ অক্টোবর প্রকাশিত দক্ষিণ এশিয়ার মৌসুমি পূর্বাভাসেও অক্টোবর-ডিসেম্বর সময়ে এ অঞ্চলের অধিকাংশ স্থানে স্বাভাবিকের কাছাকাছি থেকে বেশি তাপমাত্রার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। তবে শীতের স্থায়িত্ব ও তীব্রতা নির্ভর করবে পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তনের ওপর।

প্রিন্ট

আরও সংবাদ