খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

খবর প্রতিবেদন |
০৩:১৩ পি.এম | ২০ অক্টোবর ২০২৬


জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে। তবে রমজানের সূচনা ও পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ যথারীতি খালি চোখে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের একপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিজরি বর্ষপঞ্জি চাঁদের আবর্তনের ওপর নির্ভর করায় প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে যাচ্ছে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই দিন রাতেই প্রথম তারাবি আদায় করা হবে এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম রোজা।

ইসলামিক নিয়ম অনুযায়ী রমজান মাস ২৯ কিংবা ৩০ দিনের হয়ে থাকে, যা পরবর্তী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই পূর্বাভাস সত্যি হলে, আগামী ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামী বর্ষপঞ্জির নবম ও পবিত্রতম মাস রমজান মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসেই মানবজাতির হিদায়াতের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজান মাসে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধি চর্চা করেন।

এদিকে ২০২৭ সালের রমজানকে কেন্দ্র করে আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন মুসলিম দেশ মসজিদ সংস্কার ও মানবকল্যাণমূলক নানা প্রস্তুতির সূচনা করবে। পরিশেষে সংশ্লিষ্ট ধর্মীয় ও চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ