খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩

নগরীর ২ ও ৩নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ২১ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিল্প-কারখানা বন্ধ হওয়ার কারণে নগরীর খালিশপুর ও দৌলতপুর অঞ্চলের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে।  এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।  কেসিসি প্রসাশক গতকাল মঙ্গলবার সকালে নগরীর ২ ও ৩ নং ওয়ার্ডে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। 
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় তিনি নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করছেন। 
ডেঙ্গু সংক্রমণের হার হ্রাস পেলেও এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বল্প আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেয়া হবে। কেসিসি’র পাশাপাশি বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকেও এগিয়ে আসার অহবান জানিয়ে তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। প্রশাসক সকাল থেকে ওয়ার্ডের হেলালের বসতি ১ ও ২এবং এলাকা রেললাইন বসতি এলাকার পরিদর্শন করেন। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নুসহ কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ