খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩

হাজারো ডিসেম্বর আসবে কিন্তু শেখ হাসিনা আসবে না : রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ২১ অক্টোবর ২০২৬


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান। তিনি বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এ কথা পাগলেও বিশ্বাস করে না। হাজারো ডিসেম্বর আসবে কিন্তু শেখ হাসিনা আসবে না। একই সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত¡ অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন বলে তিনি মনে করেন। এ কারণে রাজপথের বক্তব্যে তাঁরা অভ্যস্ত নন এবং সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে পালিয়ে যাবেন, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার প্রস্তুত রাখুন, কিংবা আরেকটি গণঅভ্যুত্থান হবে, এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার জন্য জামায়াত নেতাদের প্রতি আহŸান জানান তিনি।
বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন পরিস্থিতিতে ফেলবে বলেও মন্তব্য করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপি’র সদস্য রেজাউল ইসলাম রুনু, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টু, সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ