খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

খবর প্রতিবেদন |
০৪:০৯ পি.এম | ২১ অক্টোবর ২০২৬


মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রামক ব্যাধি হামের উপসর্গে মারা গেছে একজন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। একই সময়ে হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০ জন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনে মারা গেছে ১১৯ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬০২ জন। এছাড়া চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, বরিশালে ২২৫ জন, রাজশাহীতে ১১১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০জন রোগী ভর্তি হয়েছেন।।

প্রিন্ট

আরও সংবাদ