খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:২৮ পি.এম | ২১ অক্টোবর ২০২৬


খুলনার ডুমুরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ও বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মুন্সীগঞ্জ জেলা সদরের জিন্নাত আলী (৪৫) এবং বাসযাত্রী সাতক্ষীরার পারুলিয়ার দিন মোহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং অজ্ঞাত একজন।    

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গিরপাড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনাগামী ক্রাউন সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এছাড়া পরবর্তীতে বাস থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মুন্সি পারভেজ আলম বলেন, বিকেলে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেছে। ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়। আর সন্ধ্যার দিকে ক্ষতিগ্রস্ত বাসের হেলপার ও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আঠারোমাইল বাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ গাজী ও ইউনুস সরদার নিহত হন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রউফ গাজী চুকনগর বাজারের মাছের আড়তদার ছিলেন। মঙ্গলবার রাতে আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মাছচাষিদের বকেয়া টাকা পরিশোধ করতে চুকনগর বাজারে যান তিনি। কাজ শেষে রাত দেড়টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
 

প্রিন্ট

আরও সংবাদ