খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী

রাজনীতিবিদদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:১১ এ.এম | ২২ অক্টোবর ২০২৬


দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনীতিবিদরা নিজেরা দুর্নীতিমুক্ত না হলে অন্যকে দুর্নীতি বন্ধের কথা বললে মানুষ তা নিয়ে হাসবে। বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপি’র কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নিলে সেদিনই তার সঙ্গে শেষ দেখা হবে। ব্যক্তিগতভাবে কারও উপকার করার প্রয়োজন হলে তিনি তা করবেন। তবে কোনো কাজ করতে না পারলে সরাসরি জানিয়ে দেবেন।
তিনি বলেন, বিএনপি’র কোনো নেতা যদি রাজনীতি, সমাজ এবং দেশের ক্ষতি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র সময় লাগবে না। আমরা কারাগারকে ভয় পাই না।
আসাদুজ্জামান বলেন, আগে টিআর ও কাবিখার টাকা কাগজে-কলমে কাজ দেখিয়ে উত্তোলন করা হতো। এখন সেই সুযোগ বন্ধ করা হয়েছে। বরাদ্দের টাকা দিয়ে নির্ধারিত কাজ করতে হবে, তা নিশ্চিত করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, আমি একজন সাধারণ ভ্যানচালকের কথাও মনোযোগ দিয়ে শুনি। মনে রাখবেন আপনাদের এলাকার এমপি বা মন্ত্রী কোনো ঘুষ খায় না। শেকড়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তার নিজের দলের কোনো নেতার ডোপ টেস্টের ফল পজিটিভ এলে তার বিরুদ্ধেও কোনো ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শৈলকুপা উপজেলার কোথায় কী ধরনের দুর্বলতা ও সংকট রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে।
তিনি বলেন, এলাকার স্কুল-কলেজগুলোতে খেলার মাঠের স্বল্পতা রয়েছে, বিষয়টি জানা আছে। প্রয়োজনে আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও স্কুলগুলোর খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। এ ব্যাপারে আমি সবসময় তাদের পাশে আছি।
পরে আইনমন্ত্রী শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বড় চ্যালেঞ্জ। এ প্রযুক্তি যারা তৈরি করেছেন, তারাও এটি নিয়ে উদ্বিগ্ন। সরকার কীভাবে এ প্রযুক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তা নিয়ে কাজ করছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম রেজা ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপি’র সভাপতি আবু তালেব মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান বাবলু, প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ কয়েকশ’ শিক্ষক ও স্থানীয় সাংবাদিক।

প্রিন্ট

আরও সংবাদ