খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

খুলনায় রাস্তায় পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক |
১১:৩০ এ.এম | ২২ অক্টোবর ২০২৬

 

খুলনায় গুলিবিদ্ধ হয়ে মোঃ তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে একটি কালো রঙের নম্বর প্লেটবিহীন আর-১ ৫ মোটরসাইকেল পড়ে ছিল।

এদিকে, স্থানীয় সূত্রের দাবি, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা থানার এসআই মো: শাহা আলম বলেন, নিহত যুবক কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষ গ্রু‌পের গুলিতে তার মৃত্যু হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ