খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান সাত হাজার মিটার সুতার জাল জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২২ অক্টোবর ২০২৬


পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচা নদীতে অভিযান চালিয়ে সাত হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার  দুপুরে  কচা নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশ। 
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘঘœ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার  কাউখালী উপজেলার পাঁচটি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে সাত হাজার মিটার সুতার  জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট

আরও সংবাদ