খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর হিসেবে সন্দেহ করেন। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি বলে দাবি তাঁদের। এরপর একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা। তিনি বলেন, ঘটনার হোতাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, নিহতের পরিবারের সদস্যরা আলম শেখকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ