খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

সুন্দরবন থেকে পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে জবাইকৃত হরিণ জব্দ

মোংলা প্রতিনিধি |
০২:১০ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও পাচারের সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সুন্দরবন উপকূলীয় মোংলা ও সংলগ্ন কয়রা অঞ্চলে অভিযান চালিয়ে চোরা শিকারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া, মাথা ও পা জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। তবে শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানায়, সুন্দরবনের গহীন বন থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে একটি চক্র সুন্দরবনের গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল দ্রুততার সাথে সিংয়ের বাঁধ এলাকায় পৌঁছে চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়।
অভিযানকারী দল যখন পাচারকারীদের আস্তানার কাছাকাছি পৌঁছায়, তখন শিকারিরা বনের ভেতরে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কোনো চোরা শিকারিকে আটক করা সম্ভব হয়নি। তবে কোস্ট গার্ডের সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে শিকারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৩ কেজি হরিণের মাংস, ৪টি পা, ১টি মাথা এবং ১টি হরিণের আস্ত চামড়া জব্দ করতে সক্ষম হয়। কোস্ট গার্ডের কর্মকর্তাদের নির্দেশে জব্দকৃত হরিণের মাংস, চামড়া, মাথা ও পাসহ আলামতগুলো পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের ঐতিহ্যবাহী বন্যপ্রাণী, বিশেষ করে চিত্রা হরিণ ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করতে কোস্ট গার্ড সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মোংলা পোর্ট ও সুন্দরবনের বিস্তীর্ণ নদীপথকে ব্যবহার করে কোনো ধরনের বন্যপ্রাণী হত্যা, চামড়া পাচার কিংবা বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে। বনের জীববৈচিত্র্য ও সুসন্দরবনের সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ