খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

ভারতের জম্মু-কাশ্মিরের কারাগার থেকে সাজা শেষে দেশে ফিরলেন ৬ যুবক

বেনাপোল প্রতিনিধি |
০২:১১ এ.এম | ২৩ অক্টোবর ২০২৬


যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের জম্মু-কাশ্মিরের কোট ভালওয়াল কারাগারে তিন থেকে পঁাঁচ বছর সাজা শেষে ছয়জন বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় কাজের সন্ধানে যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা জম্মু-কাশ্মির এলাকায় অবৈধভাবে বসবাস করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের আদালত তাদের তিন থেকে পাঁচ বছর সাজা দেয়। সেখানকার ডিস্ট্রিক্ট কারাগারে কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
অনুপ্রবেশকারীরা হলেন-মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। এরা দেশের বগুড়া, গাজিপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ছয় বাংলাদেশীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ