খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ার আঠারোমাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহতদের মধ্যে ২০ বছর বয়সী যুবকের মৃতদেহ সনাক্ত হয়নি!

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩৩ এ.এম | ২৪ অক্টোবর ২০২৬


ডুমারিয়ার আঠারোমাইলে যাত্রীবাহি বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন জনের মধ্যে ২০ বছর বয়সী এক যুবকের মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে লাশটি সনাক্তকরণে লক্ষে সিআইডি ও পিবিআই পুলিশের একাধিক ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রটি। মৃতদেহটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে। পরিচয় সনাক্ত পূর্বক দুই জনের মৃতদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা পুলিশ। 
নিহতরা হলেন-বাস চালক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার দীন মোহাম্মাদের ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং ট্রাক চালক নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিন সরদারের ছেলে জিন্নাত মিয়া (৩৯) ও অজ্ঞাতনামা বিশ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় অন্তত ৩০ জন বাসযাত্রী গুরুতর আহত হন বলে জানিয়েছে, আহত বাস যাত্রী শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত যোতিন্দ্র মন্ডলের ছেলে এনজিও কর্মী দেবাশীষ কুমার মন্ডল (৪৫)। 
এর আগে ২১ অক্টোবর বুধবার বিকেল তিনটার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঠারোমাইল ডাঙ্গীরপার কালভার্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
জানা যায়, সাতক্ষীরা-জ-১১-০০-৯৬ নম্বরের খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসটি সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জ-উ-১১-০০২৬ নম্বরের সিমেন্ট বোঝাই ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস-ট্রাকের চালক ও অজ্ঞাত যাত্রীসহ তিন জন ঘটনাস্থলে মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক দল হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে পাঠায়। তিন দিন অতিবাহিত হলেও অজ্ঞাত বিশ বছর বয়সী যুবকের মৃতদেহের পরিচয় সনাক্ত করা হয়নি। 
এ বিষয়ে খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা ওসি (ভারপ্রাপ্ত) মুন্সি পারভেজ আহমেদ জানান, অজ্ঞাত যুবকের মৃতদেহ সনাক্ত করণের কাজ অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত পরিচয় সনাক্ত করা সম্ভব হবে।

প্রিন্ট

আরও সংবাদ