খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, খুলনাসহ যেসব জেলায় হতে পারে বৃষ্টি

খবর প্রতিবেদন |
০১:০২ পি.এম | ২৪ অক্টোবর ২০২৬

 

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য এলাকায় অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে লঘুচাপটি।

গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ৬-১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, এর গতিপথ আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা গড়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর পর শক্তিসঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নেওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি নিজের সর্বোচ্চ শক্তিমত্তা অর্জন করতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার বা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর কোনো ঝুঁকি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আগামী ২৮ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও দূরবর্তী প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারতের উপকূলের দিকে অতিক্রম করার সময় সেখানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের বার্তা দিয়ে বিডব্লিউওটি জানায়, লঘুচাপটির দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপর ২৭ বা ২৮ তারিখ থেকে একটি বৃষ্টি বলয় চালু হতে পারে। এতে বাংলাদেশের অনেক এলাকায় ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে বলে জানানো হয়।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং পরবর্তীতে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ২৫ অক্টোবরে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

২৬ অক্টোবর আবারও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৭ অক্টোবর উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় বৃষ্টির পরিধি বাড়বে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিন ২৮ অক্টোবর দেশজুড়ে বৃষ্টির পরিধি ব্যাপক রূপ নিতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ