খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন

খবর বিনোদন |
০১:১৪ পি.এম | ২৪ অক্টোবর ২০২৬


দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। তিনি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে বিআরবি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর এ সংবাদ নিশ্চিত করেছেন তুলনার আপন ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তুলনা। মূলত ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। অনেক আগেই তার অস্ত্রোপচার হয়েছিল এবং অস্ত্রোপচারের পর তিনি সুস্থও ছিলেন। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি হার্ট অ্যাটাক করেন। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তুলনা আল হারুন তার দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং, অভিনয় এবং উপস্থাপনা সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। বিশেষ করে ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি অঙ্গনটিতে অত্যন্ত সফল ও প্রশংসিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সদা হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাব ভক্তদের সবসময় অনুপ্রাণিত করত। পর্দার পেছনের শারীরিক কষ্টের সেই লড়াইয়ের কথা আড়ালে রেখেই তিনি সবসময় ক্যামেরার সামনে ইতিবাচক শক্তি ছড়াতেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তার সহকর্মী, দেশের নামী ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। সহকর্মীরা জানিয়েছেন, তুলনার এই চলে যাওয়া দেশের মডেলিং ও বিনোদন শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তুলনার জানাজার পর তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ