খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

সকালে তেরখাদায় যুবদল নেতা, সন্ধ্যায় নগরীতে মুদি দোকানদার গুলিবিদ্ধ, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৫ এ.এম | ২৫ অক্টোবর ২০২৬


খুলনায় পৃথক ঘটনায় সকালে যুবদল নেতা ও সন্ধ্যায় মুদি দোকানদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া ও সকালে তেরখাদা উপজেলায় এ দু’টি ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
মহানগরী : নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে আকাশ কুণ্ডু নামে এক মুদি দোকানদারকে গুলি করে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তাঁর পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে এ হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তেরখাদা: উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল­ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে ও স্থানীয় মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল­ার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পিঠের ডান পাশে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ ওসি আহমেদ আলী বিশ্বাস বলেন, ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্তকরণসহ দ্রুত গ্রেফতারে সচেষ্ট আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বজায় রয়েছে।
উলে­খ্য, এর আগে গত বৃহস্পতিবার মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে মহানগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্র“পের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একইদিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ : মহানগরীসহ খুলনা জেলাতে সা¤প্রতিক সময়ে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের কেউ কেউ এসব ঘটনার পেছনে আশিক ও নূর আজিমের অনুসারীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন। 
স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অন্যদিকে, পুলিশ নিয়মিত অভিযান চালানোর কথা বললেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজনের অভিযোগ, পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে অপরাধীদের যোগসাজশ রয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অপরাধীরা সুবিধা পেয়ে থাকে। 
দুই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট

আরও সংবাদ