খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

খবর প্রতিবেদন |
০১:৫২ পি.এম | ২৫ অক্টোবর ২০২৬


সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে ‘অ্যাটাকের চিহ্ন’ পাওয়া গেছে। এ কারণে আজ রবিবার দুপুর দেড়টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, তাদের সাইটে একাধিক অ্যাটাকের চিহ্ন পেয়েছেন। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।

রবিবার দুপুর দেড়টায় জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সেটি অচল দেখা গেছে। প্রবেশ করতে গেলে লেখা আসে, ‘সিস্টেম রক্ষণাবেক্ষণ, আমাদের অ্যাপ্লিকেশনটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণ কাজ চলছে।

শিগগির চালু হবে।’ সাময়িক অসুবিধার জন্য জনতা ব্যাংক পিএলসি দুঃখ প্রকাশ করেছে।

জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে। ওয়েসবাইট আজকের মধ্য সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। পরদিন থেকেই দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকটির ওয়েবসাইটটি বন্ধ ছিল। আজ রবিবার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রবিবার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত সিকিউরিটি প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

সেই সতর্কতার অংশ হিসেবে বাড়তি সুরক্ষার তাগিদে গত বৃহস্পতিবার থেকেই বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পোর্টাল যথারীতি চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে ম্যালওয়্যার সংক্রমণের কারণে সেটি আর চালু করা সম্ভব হয়নি।

প্রিন্ট

আরও সংবাদ