খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি

খবর প্রতিবেদন |
০২:২৪ পি.এম | ২৫ অক্টোবর ২০২৬

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। এটি আরও শক্তিশালী হয়ে আগামী ২৮ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দরকেই দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.২° উত্তর অক্ষাংশ এবং ৯১.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

আজ রোববার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে 'অতি প্রবল ঘূর্ণিঝড়' আকারে আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে আশপাশের সাগর কিছুটা উত্তাল রয়েছে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান নিয়ে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

প্রিন্ট

আরও সংবাদ