খুলনা | রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩

চলে গেলেন ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী

খবর প্রতিবেদন |
০২:৩০ পি.এম | ২৫ অক্টোবর ২০২৬


ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী (৮৭) আর নেই। রবিববার (২৫ অক্টোবর) সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। ১৪ মাসে তাকে একাধিকবার কেমোথেরাপি দেওয়া হয়। সম্প্রতি মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের অধীনে তার চিকিৎসা চলছিল।

যোগেন চৌধুরীর মৃত্যুতে ভারতের শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্বতন্ত্র চিত্রশৈলী ও রেখার অভিনব ব্যবহারের মাধ্যমে ভারতীয় আধুনিক চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন তিনি।

ছবিতে অভিনব রেখার ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি, আবেগ ও অনুভূতি ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন যোগেন চৌধুরী।

তার চিত্রকর্মে রেখার টান ও আড়াআড়ি দাগের মাধ্যমে মানুষের শরীরের গঠন এবং মনের নানা অনুভূতি প্রকাশ পেত। নিজস্ব শৈলীর কারণে ভারতীয় আধুনিক চিত্রকলায় তিনি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেন।

চিত্রকলার বাইরেও প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে কাজ করেন।

শিল্পচর্চার পাশাপাশি লেখালেখিতেও সক্রিয় ছিলেন যোগেন চৌধুরী। শিল্পভাবনা, সমাজ, পরিবেশ, শিল্পকলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ লিখেছেন তিনি। তার লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব বিষয়ের ওপর তার একাধিক গ্রন্থও প্রকাশিত হয়। এ ছাড়া সাহিত্যচর্চার অংশ হিসেবে কবিতাও লিখেছেন এ শিল্পী। তার মৃত্যুতে ভারতীয় আধুনিক চিত্রকলার জগতে এক স্বতন্ত্র শিল্পীর কর্মময় জীবনের অবসান ঘটল।

প্রিন্ট

আরও সংবাদ