খুলনা | সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩

নগরীতে গুলিবিদ্ধ রূপসা কলেজের প্রভাষক ধনঞ্জয় কুন্ডুর শরীরে অস্ত্রোপচার, উন্নতি হয়নি শারীরিক অবস্থার

নিজস্ব প্রতিবেদক |
০২:২৯ এ.এম | ২৬ অক্টোবর ২০২৬


নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে রূপসা কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান বিভাগ) ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু গুলিবিদ্ধ হওয়ার পরদিন শরীরে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এ সময় তার শরীর থেকে একটি গুলি বের করা হয়। প্রভাষক ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডুর শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে হাসপাতাল ও রূপসা কলেজ সূত্রে জানা গেছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস  রোডস্থ এলাকার বাসিন্দা গাছতলা মন্দিরের সামনে সন্ধ্যা ৭টার দিকে অবস্থান করছিলেন। পথিমধ্যে কতিপয় দুর্বৃত্ত এসে তাকে গুলি করে। প্রথম রাউন্ডের গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় রাউন্ডের গুলি তার পেটে বিঁধলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওইরাতে তার শরীরে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। রোববার বেলা ১টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করে এক রাউন্ড গুলি বের করে। 
রূপসা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ূন কবির বলেন, রোববার বেলা ১টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করে এক রাউন্ড গুলি বের করেছে। তিনি আরও বলেন, তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। 
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র বলেন, ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

প্রিন্ট

আরও সংবাদ