খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:০৯ পি.এম | ২৬ অক্টোবর ২০২৬

 

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। টুর্নামেন্টের আগে আজ অনুষ্ঠিত হচ্ছে নিলাম। এই নিলামে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বিক্রি হয়েছেন শরিফুল ইসলাম। আর দুই কোটির বেশি পয়েন্ট দাম উঠেছে তানজিদ ও তাসকিন আহমেদের।

শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে সিটিজেন গ্রুপ। তাসকিনের দাম উঠেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। তাকে নিয়েছে ওয়ালটন। আর ২ কোটি পয়েন্টে তানজিদকে নিয়েছে ফরচুন।

৪০ লাখ পয়েন্ট বেস প্রাইস থেকে দেড় কোটি পর্যন্ত দাম ওঠে শেখ মেহেদী হাসানের, তাকে দলে নিয়েছে ব্লুস্টার। ফরচুন নাজমুল হোসেন শান্তর জন্য খরচ করেছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট। আর দুই কোটি থেকে ৫ লাখ কমে বিক্রি হন হাসান মাহমুদ। তাকে নেয় ব্লুস্টার। ১ কোটি ৫৫ লাখে ওয়ালটনে খেলবেন লিটন কুমার দাস।

অপ্রত্যাশিত দামে বিক্রি হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সিটিজেন তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে। ডানহাতি পেসার খালেদ আহমেদের দর উঠেছে দেড় কোটি। তিনি খেলবেন সেভেন রিংস সিমেন্ট দলে।

এছাড়া ১ কোটি ২ লাখে অ্যাকমিতে আব্দুল গাফফার সাকলাইন। একই দাম পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সাব্বির রহমন। একজন খেলবেন অ্যাকমিতে, অন্যজন ফরচুনে। রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেলের জন্য ১ কোটি ১৪ লাখ পয়েন্ট খরচ করেছে অ্যাকমি। আর পারভেজ হোসেন ইমনের দাম উঠেছে ১ কোটি ২৩ লাখ পয়েন্ট।

নিলাম মানেই অর্থের ঝনঝনানি। যে দলের পকেটে যত টাকা থাকে, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তত সুযোগ থাকে। পছন্দের ক্রিকেটারকেও দলে ভেড়ানো সহজ হয়। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে থাকছে না এই রীতি। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।

প্রসঙ্গত, টুর্নামেন্টের ৬টি দল –অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লুস্টার। নিলামে সব মিলিয়ে আছেন ২৮১ ক্রিকেটার, এর মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম হচ্ছে, ৬ জন ক্রিকেটার আইকন ক্রিকেটার হিসেবে ইতোমধ্যে দল পেয়ে গেছেন। নুরুল হাসান সোহান ব্লুস্টার, তাওহীদ হৃদয় ফরচুন, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমি, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট এবং মেহেদী হাসান মিরাজ খেলবেন ওয়ালটনে।

প্রিন্ট

আরও সংবাদ