খুলনা | মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩

পশুর নদীতে ১২০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ

মোংলা প্রতিনিধি |
০৩:১১ পি.এম | ২৭ অক্টোবর ২০২৬


মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এমভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে বন্দরের হারবাড়িয়া থেকে আরো গহীনে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় এই কয়লা বোঝাই কার্গোটি। এসময় কার্গোতে থাকা ১১ নাবিককে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পাশে থাকা অন্য জাহাজের নাবিকরা।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের নাবিকরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত কয়লা বোঝাই একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ী নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় কয়লা বোঝাই এমভি ফুলবাড়ীকার্গো জাহাজটি। ডুবে যাওয়া জাহাজটি মেসার্স আইআরএস ইন্টারন্যাশনালের কোম্পনীর মালিকানাধীন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা মাস্টারসহ ৯ জন নাবিককে পাশের একটি কার্গো জাহাজে নাবিকরা উদ্ধার করেছে, তাদের সকলেই অক্ষত রয়েছে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাইরে ডুবে যাওয়ায় মুল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে জোয়ারের তোড়ে মুল চ্যানেলে চলে গেলে পন্য বোঝাই দেশ-বিদেশী বানিজ্যিক জাহাজ চলাচল ঝুকি হয়ে পড়বে বলে জানায় বন্দর ব্যবসায়ীরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ