খুলনা | মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

নিজস্ব প্রতিবেদক |
০৪:৫১ পি.এম | ২৭ অক্টোবর ২০২৬

 

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

একই সময়ে বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এর মধ্যে খুলনা জেলায় ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বাগেরহাট জেলায় ৩ জন মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৫০ জন রোগীর মধ্যে খুলনা জেলায় ৬৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, যশোরে ৩৩ জন, ঝিনাইদহতে ৩৮ জন, মাগুরায় ১৮ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২০ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন রোগী। এছাড়া ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে ৪২৮ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ