খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী ও শালিকা হত্যা প্রচেষ্টা মামলার আসামি উম্মে কুলসুমকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৫ পি.এম | ২৭ অক্টোবর ২০২৬


সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী মোঃ সাইফুল্লাহ গণির স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুনকে হত্যা প্রচেষ্টা মামলার আসামি উম্মে কুলসুমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সাতক্ষীরা আমলী-১ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক বিলাস মন্ডল তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামি উম্মে কুলসুম (৩০) শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পূর্বপাশ এলাকার ফারুক হোসেনের স্ত্রী।  
এড. মোঃ সাইফুল্লাহ গণি জানান, পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পূর্বপাশ এলাকার ফারুক হোসেন (৪৫), তার স্ত্রী উম্মে কুলসুম (৩০) ও ছেলে ফাহিম (১৯), একই এলাকার মৃত সামছুর সরদারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও আরিফ হোসেনের স্ত্রী নসিরিন (২৮) তাদেরকে বিভিন্নভাবে খুন জখমের হুমকি-ধামকি দিয়ে অসছিল। এসব ঘটনায় তিনি সদর থানায় সাধারণ ডায়েরী করার পাশপাশি আদালতে ও থানায় পৃথক মামলা দায়ের করেন। এতে আসামিরা আরো ক্ষুব্ধ হয়ে আমার ও পরিবারের সদস্যদেরকে হত্যা করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিকাল ৫টার দিকে তার (আইনজীবী) স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুন বাড়ির পাশে রাস্তার ওপর গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামিরা ধারালো গাছকাটা দা, লোহার রড, হাসুয়া দা, শাবল ইত্যাদি নিয়ে তাদের ওপর অর্তকিতে হামলা চালায়। এসময় আসামিরা ধারালো গাছকাটা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তারা দু’জনই রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। 
এঘটনায় তিনি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি ফারুক হোসেন ও তার ছেলে ফাহিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচরক তাদেরকে কারাগারে প্রেরণ করেন। প্রায় ১৪/১৫ দিন পর তারা জামিনে ছাড়া পায়। 
তিনি আরো বলেন, মামলার ৩নং আসামি উম্মে কুলসুম মঙ্গলবার সাতক্ষীরা আমলী-১ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক বিলাস মন্ডল তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে ফারুক হোসেন ও তার ছেলে ফাহিমসহ অন্যান্য আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। 

প্রিন্ট

আরও সংবাদ