খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ২৮ অক্টোবর ২০২৬


সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্যের তালতলি খাল ও কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খাল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় মালামালসহ তাদের ব্যবহৃত ২টি নৌকা জব্দ করা হয়। 
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারি গ্রামের আলী গাজীর ছেলে মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), সৈয়দ আলী গাজীর ছেলে শাহাবাজ আলী (৫২), রুহুল আমিন গাইন এর ছেলে আইয়ুব আলী গাইন (৫৫), আমিন আলীর ছেলে ওয়াহিদুল ইসলাম (৫৪), করিম গাইন এর ছেলে ছালাম গাইন (৫৬), অলি গাজীর ছেলে আব্দুর রউফ (৪০), আব্দুল রশিদ এর ছেলে মোঃ আলিম (৩৮)। মঙ্গলবার আটকদের জেল হাজতে পাঠানো হয়।
বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্যের তালতলি খাল ও কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খাল থেকে নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে। সময় তাদের ব্যবহৃত ২টি নৌকা তল­াশি করে প্রায় ১৫০ কেজি মাছ, ৫৭ টি আটুন, ড্রাম ৩টি ড্রাম, ৩০০ ফুট ফাঁস জাল, ১টি ককশিট, ১টি হুইল, ১টি দাঁড়, ২টি বৈঠা, ২টি হুক, ১টি কুড়াল, ও ৯টি পানির ড্রাম উদ্ধার করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিমি আরও বলেন, সুন্দরবন রক্ষার্থে এরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ