খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

নিখোঁজ জিডি করতে গিয়ে হয়রানির অভিযোগ

এক মাসেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণির শিক্ষার্থী ইলিয়ানের

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০২:১০ এ.এম | ২৮ অক্টোবর ২০২৬


সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি খুলনা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাগিব রওনক (ইলিয়ান)। গত ২৪ সেপ্টেম্বর নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী এই শিক্ষার্থী। একমাত্র সন্তানকে ফিরে পেতে দিশেহারা মা ইয়াসমিন পপি। এরই মধ্যে সন্তান নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। নিখোঁজের প্রায় এক মাস পর গত ২৬ অক্টোবর সন্ধ্যায় দৌলতপুর থানায় জিডি করতে যান ইয়াসমিন পপি। তাঁর অভিযোগ, কর্তব্যরত ডিউটি অফিসার এস আই নাসরিন অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে সাক্ষাৎ করানোর কথা বলে তাঁকে সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে  ৯টা পর্যন্ত থানায় বসিয়ে রাখেন। প্রায় দুইঘন্টা অপেক্ষা করেও জিডি করতে পারেননি অসহায় মা। বিভিন্ন অজুহাতে তাঁর জিডি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন ওই নারী। 
ইয়াসমিন পপির দাবি, দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো কার্যকর সহায়তা না পেয়ে তাঁকে অসহায়ের মত থানা থেকে ফিরে আসতে হয়। পরে মঙ্গলবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে অবশেষে জিডি করতে করেছেন নিখোঁজ সন্তানের মা (নং-১৩৯১ তাং-২৭/১০/২৬)। 
একদিকে একমাত্র সন্তানের নিখোঁজ হওয়ার উদ্বেগ, অন্যদিকে আইনগত সহায়তা নিতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তিনি আরও অসহায় হয়ে পড়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪/৯/২৬ তারিখ দৌলতপুরের মহেশ্বরপাশার বাসা থেকে রাগিব রওনক (ইলিয়ান) বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরদিন ইলিয়ান ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, সে পাবনার ঈশ্বরদীতে রয়েছে। সেখানে কয়েকজন ব্যক্তি তার ট্রেনের টিকিট কেটে দেন এবং ২৫ সেপ্টেম্বর তাকে একটি গাড়িতে তুলে দেন বলে জানিয়েছেন তার মা। এরপর থেকে ইলিয়ানের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। তার বর্তমান অবস্থানও অজানা। নিখোঁজ ছেলের সন্ধান পেতে ইয়াসমিন পপি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তাঁর সেই পোস্টটি খুলনা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয়ের একাধিক শিক্ষকের ফেসবুক আইডি থেকেও শেয়ার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে তিনি ছেলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজ শিক্ষার্থী রাগিব রওনক (ইলিয়ান)-এর বয়স ১৫ বছর। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে খুলনা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার সন্ধান পেলে মহেশ্বরপাশা, কুয়েট পোস্ট অফিস, দৌলতপুর, খুলনা ঠিকানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার মা। 
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন, একজন ভদ্র মহিলা থানায় জিডি করতে এসেছিলেন। ভিকটিমের বক্তব্য অনুযায়ী তাঁর সন্তান পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হয়েছে বলে জানানো হয়েছিল। স্থান জটিলতা এবং ভুল বোঝাবুঝির কারণে জিডি অন্তর্ভুক্তিতে একটু বিলম্ব হয়েছে। 
এদিকে সন্তানকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে মা ইয়াসমিন পপির। তাঁর আকুতি সন্তানকে খুঁজে পেতে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলে দ্রুত এগিয়ে আসুক এবং ইলিয়ানকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার হোক।

প্রিন্ট

আরও সংবাদ