খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে প্রতিমা বিসর্জনকালে অতিরিক্ত মদপানের ৪ দিন পর কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৫ এ.এম | ২৮ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে পড়ার চার দিন পর দীপুরাজ হাউলি (১৩) নামে সপ্তম শ্রেণির স্কুল শিক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে।  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। 
মৃত স্কুল শিক্ষার্থী দীপুরাজ হাউলি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যার পর খোলপেটুয়া নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের অনুষ্ঠান দেখতে বন্ধুদের সঙ্গে ট্রলারে ওঠে দীপুরাজ। এ সময় বন্ধুদের সাথে মদ পান করে সে। অতিরিক্ত মদপান করে বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে দীপুরাজকে জরুরি বিভাগে আনা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার অতিরিক্ত বমি হচ্ছে। অতিমাত্রায় এ্যালকোহল জাতীয় কোন পদার্থ পানের ফলে অতিরিক্ত বমি হওয়ায় তার অবস্থার অবনতি হচ্ছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসক বললেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। সোমবার  জানতে পারলাম সে মারা গেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার (ওসি) শফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, এ ঘটনা  আমাদেরকে কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। 

প্রিন্ট

আরও সংবাদ