খুলনা | বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

ফকিরহাটে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড

ফকিরহাট প্রতিনিধি |
০৩:৩২ পি.এম | ২৮ অক্টোবর ২০২৬


বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ সিয়াম চৌধুরী নামে এক যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফকিরহাট উপজেলার ১ নম্বর ওয়ার্ডের আট্টাকী গ্রামের আল্লাহর দান মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

আটক সিয়াম চৌধুরী ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের বাসিন্দা। তিনি আলম চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন চায়ের দোকান, আড্ডাস্থল ও সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় আট্টাকী গ্রামের আল্লাহর দান মসজিদের সামনে থেকে গাঁজাসহ সিয়াম চৌধুরীকে আটক করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ফকিরহাটকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রিন্ট

আরও সংবাদ