খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

ম্যানেজার ফোন না ধরায় রেস্টুরেন্টে ঢুকেই কিশোরদের তান্ডব : তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |
১১:১৪ পি.এম | ২৮ অক্টোবর ২০২৬


ম্যানেজার ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্তোরাঁয় তাণ্ডব চালিয়েছে একদল কিশোর। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সেখানে তিনটি চেয়ার এবং একটি গ্লাস ভাঙচুর করে। এ সময় উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হামলাকারীদের শনাক্ত করতে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রেস্তোরাঁর কর্মীদের ভাষ্য, একদল কিশোর হঠাৎ সেখানে ঢুকে গালিগালাজ শুরু করে। এর কারণ জানতে চাইলে তারা চেয়ার তুলে হামলা চালায় এবং ভাঙচুর করে। কিশোরেরা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেনি, এমনকি কোনো চাঁদাও দাবি করেনি। গালিগালাজ ও ভাঙচুরের পর তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স¤প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া নুর আজিমের সহযোগী ফাকাব্বির চাইনিজ প্যালেসের ম্যানেজারকে ফোন দেয়। কিন্তু তিনি ফোন ধরতে পারেননি। পরে বুধবার বিকেলে ফাকাব্বিরের সহযোগীরা হামলা চালিয়ে রেস্তোরাঁর তিনটি চেয়ার এবং একটি পানি খাওয়ার গ্লাস ভেঙে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনার পর পুলিশ রেস্তোরাঁটি পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে ২৪ অক্টোবর রাতে ও ২৫ অক্টোবর পৃথক দু’টি স্থানে অবস্থিত সন্ধানী ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছোড়া এবং ক্লিনিকের ভেতরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
 

প্রিন্ট

আরও সংবাদ