খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাব-রেজিস্ট্রার অফিসে তল্লাশি দুদকের

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযান শেষে অভিযোগের বিষয়ে উল্লেখযোগ্য কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে। দুদকের উপ-সহকারী পরিচালক বিজয় কুমারের নেতৃত্বে দলের সদস্যরা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যের খাসকামরাসহ অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন।
অভিযানের সময় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই করা হয়। পাশাপাশি অফিস সহকারী (বড় বাবু) বজলুর রহমানের দাফতরিক কাগজপত্র ও ব্যবহৃত ড্রয়ার এবং অন্যান্য কর্মচারীর টেবিলের ড্রয়ারও তল্লাশি করা হয়। এ ছাড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মহরারদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। অভিযান চলাকালে দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। এতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে।
অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক বিজয় কুমার জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ যাচাই করতে জমির ক্রেতা-বিক্রেতা ও মহরারদের সঙ্গে কথা বলা হয়েছে।
তিনি আরও জানান, অনুসন্ধানে অভিযোগের বিষয়ে উল্লেখযোগ্য কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ