খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ৩ জন গ্রেফতার

পাইকগাছায় প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকায় অভিযান চালিয়ে কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ এবং ‘নবাব’ নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার ও সম্পাদক আক্কাজ আলীর কাছে গত ১৭ ও ২৫ অক্টোবর মোবাইল ফোনে চাঁদা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁরা বাদী হয়ে পাইকগাছা থানায় ২৭ ও ২৮ নম্বর হিসেবে গত ২৭ অক্টোবর পৃথক দু’টি মামলা করেন।
জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে রামপাল থেকে তাদের গ্রেফতার করে। 
ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, মূল অভিযুক্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে, গত ২৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদের কাছে আসলাম শিকদার নামের এক ব্যক্তির চাঁদা দাবির ঘটনায় জড়িতকেও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ