খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

নাটোরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যা

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার এমপি পুত্রকে যুবদল থেকে বহিষ্কার

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


‘নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার তাকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। একই সঙ্গে মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর রেঞ্জ ডিআইজি মোঃ আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানকে ‘জনস্বার্থে’ রেঞ্জ ডিআইজি রাজশাহী কার্যালয়ে সংযুক্ত করা হলো। তাকে আজই রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হয়েছে।
অন্যদিকে পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান ডিআইজির অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি ইতোমধ্যে গুরুদাসপুর থানা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আমির হোসেন মোবাইল ফোনে জানান, মামলার তদন্তভার পরিবর্তনের বিষয়টি তিনি শুনেছেন। তবে অফিস আদেশ পাননি।
এদিকে এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন শাকিল ইসলাম। এ সময় তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় (১৯ অক্টোবর) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন শাকিলের বাবা রবিউল মিস্ত্রি। সোমবার রাত ১০টার দিকে গুরুদাসপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রিন্ট

আরও সংবাদ