খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময়

চিকিৎসকদের হুমকি প্রদানকারী চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ এমপি আজাদের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও)-কে চাঁদাবাজ চক্রের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। গতকাল বুধবার সকালে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এই ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রেঞ্জ ডিআইজি এবং খুলনার পুলিশ সুপারের (এসপি) সাথে মুঠোফোনে সরাসরি কথা বলেন। 
তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের কোনো প্রকার ছাড় না দিয়ে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন। সেই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কাজের নিরাপদ পরিবেশ সৃষ্টিতে জোর পুলিশি টহল ও সার্বিক নিরাপত্তা জোরদার করার তাগিদ দেন।
সভায় হাসপাতালের চিকিৎসকদের মনোবল বৃদ্ধিতে সংসদ সদস্য বলেন, জনগণের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে চিকিৎসকদের ভয়হীন পরিবেশ প্রয়োজন। আপনারা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যান, কোনো ধরনের হুমকি বা চাঁদাবাজ চক্রের অপরাধমূলক কর্মকান্ডের কাছে মাথা নত করা হবে না। আপনাদের সার্বিক নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সবসময় পাশে আছি।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ চিকিৎসকদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। তারা অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
সভায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আওয়াল কবির, পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ