খুলনা | বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩

নগরীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৩ এ.এম | ২৯ অক্টোবর ২০২৬


নগরীতে চিকিৎসকের অবহেলায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার নগরীর স্যার ইকবাল রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, প্রসূতি ফারহানার প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়। সে সময় স্বাভাবিক প্রসবের কথা বলা হলেও রাত ১টার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘুমিয়ে পড়েন এবং কাউকেই পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে রোগীর অবস্থার অবনতি হলেও কেউ সাড়া দেয়নি। পরবর্তীতে সকাল সাড়ে আটটার দিকে এক আয়া এসে জবরদস্তি করে বাচ্চা বের করার চেষ্টা করলে নবজাতকটি মারা যায়। শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবজাতকের মামা সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তার বোনের সন্তান মারা গেছে। এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে ঘটনাস্থলে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক কর্মকর্তা জানান, রোগীর নির্ধারিত প্রসবের তারিখ আরও এক মাস বাকি ছিল। রাতে তাকে দেখাশোনা করা হলেও ঠিক কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। পরিস্থিতি পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লোকমান হোসেন রিপন জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ