খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম, ঘরবাড়ি ভাঙচুর

মেহেরপুর প্রতিনিধি |
১২:২২ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে কালাম হোসেন (৬০) ও তার স্ত্রী রোকসানা খাতুনকে (৫৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় তাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাঁড়াবাড়ীয়া গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন তারা।
জানা গেছে, গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মকলেছুর রহমান ও চাচা কালাম হোসেন তাদের শরীকানা জমির ওপর দীর্ঘ বছর বসবাস করে আসছিলেন। ওই জমির ১৬ শতক প্রতিবেশী সিদ্দিকুর রহমান দাবি করেন। এ নিয়ে ১৫ বছর যাবু দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছিল। ইতোমধ্যে জমির রায় মকলেছুর রহমানের পক্ষে হয়। তারপরও দু’পক্ষের মধ্যে মামলা চলে আসছিল।
মামলা চলাকালীন ওই জমি সিদ্দিকুর রহমান একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মজিদুল ইসলামের কাছে গত ৪ বছর পূর্বে বিক্রি করেন। এ নিয়ে গাঁড়াবাড়ীয়া গ্রামের মজিদুল ও তার পক্ষের মহিরুল ইসলাম, আলামিন হোসেন, রুহুল আমীনসহ বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মকলেছুর রহমানের চাচা কালাম হোসেন ও কালামের স্ত্রী রোকসানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আহত পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয়দের অভিযোগ, ওই জমি নিয়ে মামলায় পরাজিত হয়ে সিদ্দিকুর রহমান ইতঃপূর্বে রাতের আঁধারে কালাম হোসেনের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে হামলা চালিয়ে আহত করে। সেই সাথে ঘরের টিনশেডের ছাউনি ভেঙে গর্তের ভিতর ফেলে দিয়েছিলেন। আবারও ওই একই পরিবারের ওপর হামলা চালালো।
জমির মালিক মকলেছুর রহমান অভিযোগ করেন, স্থানীয় একটি মহলের ইন্ধনে এ হামলা করেছে প্রতিপক্ষরা।
এদিকে, এ ব্যাপারে হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের বাড়িতে পাওয়া যায়নি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশের একটিদল পৌঁছেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ