খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


ডুমুরিয়া উপজেলার দেড়–লী গ্রামে চঞ্চল কর্মকার (১৭) নামের এক কিশোরের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে অসুস্থ হওয়ার পর বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি করে তার মরদেহ দাহ করা হয়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে চঞ্চল তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এ সময় সে একটি ঘরের ভেতরে আটকে ছিল। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রথমে তাকে বের করা সম্ভব হয়নি। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রঘুনাথপুর বাজারের আফিয়া ক্লিনিকে নেওয়া হয়।
আফিয়া ক্লিনিকের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম জানান, ক্লিনিকে আনার পরই কিশোরটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। দ্রুত স্যালাইন দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। রোগীর প্রাথমিক লক্ষণ দেখে অতিরিক্ত কিছু বা নেশাজাতীয় কিছু সেবনের আশঙ্কা করা হলেও তিনি মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেননি।
এদিকে, পুলিশকে না জানিয়েই বৃহস্পতিবার সকালে শোলঘাতিয়া শ্মশানে চঞ্চলের মরদেহ দাহ করা হয় বলে অভিযোগ উঠেছে।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ