খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ দিনের কর্মসূচি নগর বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর আলোকচিত্র প্রদর্শনী, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ৭ নভেম্বর, শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা ১১টায় ৬নং দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৬টায় বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়া হল চত্বর ও শহীদ হাদিস পার্কে, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রূপসার ট্রাফিক মোড়ে এবং জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে চিত্রালী বাজারে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 
৮ নভেম্বর, রোববার: মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর, মঙ্গলবার: খালিশপুর থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় স্থানীয় কেসিসি সুপার মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর, বুধবার: দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে সন্ধ্যা ৬টায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর, শুক্রবার: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), খুলনা মহানগরের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল ও লিয়াকত আলী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর, শনিবার: সোনাডাঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় কেডিএ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর, রবিবার: সদর থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ নভেম্বর, সোমবার: খানজাহান আলী থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় ফুলবাড়ীগেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন ও ঘোষিত কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। যৌথসভায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ