খুলনা | শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩

রূপসার নিজ বাড়িতে প্রেস ব্রিফিংয়ে মহিউদ্দিন

চেয়ারম্যান হয়ে বাকিটা জীবন নৈহাটী ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ৩০ অক্টোবর ২০২৬


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপসার নৈহাটী ইউপি চেয়ারম্যান পদে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ বলেছেন, নির্বাচিত হলে নৈহাটী ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। নৈহাটী ইউনিয়নে অবহেলিত যেসব রাস্তাঘাট, সাঁকো ও কালভার্ট রয়েছে সেসব নির্মাণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি করা হবে। তিনি বলেন, রূপসা বাসস্ট্যান্ডসহ ট্রলার ঘাটে সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি অধিক বিবেচনায় আনা হবে। বাকিটা জীবন নৈহাটী ইউনিয়বাসীর পাশে থেকে তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাগমারা গ্রামস্থ নিজ বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিং ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য ও নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে একাধিক হামলা ও মামলার শিকার হয়েছি। এমনকি কারাভোগও করেছেন। এর পরও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হইনি। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন খাল খনন কর্মসূচি চলাকালে রূপসায় আগমনের পর তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করি। এরপর থেকে অদ্যাবধি দলের সাথেই আছি। দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজেকে যুক্ত রেখেছি। 
তিনি বলেন ২০০১ সালে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার হারুন-অর রশীদ হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছি। ২০১৪ সালে রূপসায় গাড়ি পোড়ানো অভিযোগে একটি নাশকতা মামলা এবং ২০২৩ সালে গাড়ি পোড়ানোর অভিযোগে আরও দু’টি নাশকতা মামলার আসামি হয়েছি। এর আগে ১৯৯৩ সালে গুলি ও বোমা হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৭ বছর আত্মগোপণে থেকে শত প্রতিকূলতার মধ্যে সময় কাটিয়েছি। 
তিনি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শক্তিশালী, জনবান্ধব ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা। তাই ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলাই আমার লক্ষে। আর এ লক্ষ্যকে সামনে রেখেই আমি ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে ও নিবাচিত হতে পারলে নৈহাটিকে দেশের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নৈহাটী ইউনিয়নের সম্মানিত ভোটার, মুরব্বি, যুবসমাজ, নারীসমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।
শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম বাবলু, মোঃ আলেক মিয়া, হানিফ শেখ, মারুফ হোসেন বাবু, আব্দুল্ল¬াহ শেখ, মাইনুল হাসান, নাজমুল হোসাইন, আবুজার হোসেন বাবু, জাহিদ শেখ, বশির হোসেন সুজা, জাবেদ মীর প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ