খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের ফুলতলার পথসভা বাস্তবায়নে প্রেস ব্রিফিং

ফুলতলা প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে ফুলতলার স্বাধীনতা চত্বরের পথসভা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় উপজেলা জামায়াত কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যের পক্ষে ব্রিফিং করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, এনসিপি খুলনার সাংগঠনিক সম্পাদক মোঃ জায়েদুর রহমান প্রিন্স,  জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্লা, সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খান, ড. আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে লংমার্চের প্রয়োজনীয়তা তুলে ধরে জেলা আমীর বলেন, জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে সংবিধান সংস্কারে জাতির আকাঙ্খা পূরণের পথ উন্মোচন হয়। কিন্তু ১২ ফেব্র“য়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি  সরকার গঠনের পর সর্বপ্রথম তারা গণভোটের গণরায় না মেনে জাতির সাথে প্রতারণা করে। পাশাপাশি খুলনাসহ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, খুন, চাঁদাবাজিতে আজ দেশবাসী আতঙ্কিত। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট ও মূল্য বৃদ্ধিতে দেশ বাসীর মধ্যে আজ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে দেশের দ্বায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের এসব অপকর্মের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য লংমার্চের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ জানাতে এই লংমার্চ। খুলনায় হত্যা, গোলাগুলি এখন নিত্যদিনে পরিণত হয়েছে। নাটোরের এমপি’র ছেলে কর্তৃক নিজ দলের কর্মীকে হত্যায় গোটা জাতি আজ হতবাক। সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ সব জায়গায়  দলীয়করণেরও প্রতিবাদ জানান তিনি। এ সময় জেলা আমীর আজকের লংমার্চ সফল করতে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহবান জানান।

প্রিন্ট

আরও সংবাদ