খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

নড়াইল প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


নড়াইলে পুলিশি অভিযানে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম থেকে চারটি ইজিবাইক, একটি পালসার মোটরসাইকেল ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সদর থানা-পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বাঁশগ্রামের তোকাম মোল্লার ছেলে মিরাজুল ইসলামের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি চোরাই ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের লিকুল মোল্লার ছেলে রিফায়েত মোল্লার (১৬) বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দু’টি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী নওশের মোল্লার ছেলে সবুজ মোল্লার (৩৩) বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামে অভিযান পরিচালনা করে চারটি চোরাই ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ