খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

মোল্লাহাটে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১

মোল্লাহাট প্রতিনিধি |
০১:৪৯ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংহপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সন্ধ্যায় ওই ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত আটজন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে খোকন মোল্লা (৫০) তার ছেলে সুমন মোল্লা (৩০) এবং স্ত্রী আফসানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে খোকন মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপর পক্ষের রাসেল শেখকে (২৫) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া নবির শেখের ছেলে আশিকুল শেখ (৪০) এবং শহীদ মোল্লার তিন সন্তান রবিউল মোল্লা (২২), লিমা (২৪) ও সিমা (১২)-কে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবার বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্তে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ