খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ পি.এম | ৩১ অক্টোবর ২০২৬


আগামী ০৫ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষ্যে স্থাপিত সকল তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর পক্ষ থেকে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে স্থাপিত সকল তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, আগামী ০৫ নভেম্বর তারেক রহমানের খুলনায় শুভাগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার, তোরণ ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কে গর্ত খুঁড়ে তোরণ স্থাপন এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর প্যানা, ব্যানার ও ফেস্টুন টানানো দেশ পরিচালনায় তারেক রহমানের অনুসৃত “সবার আগে বাংলাদেশ” নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ সংস্থা ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এসব প্রচারসামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।
এমতাবস্থায়, অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতি এড়ানোর স্বার্থে সকল স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে স্থাপিত সকল তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

জনস্বার্থ, জননিরাপত্তা, নগরীর সৌন্দর্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো

প্রিন্ট

আরও সংবাদ