খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ভেঙ্গে আলাদা হিন্দু রাষ্ট্র গঠনের দাবিতে কলকাতায় উপ-হাইকমিশন ঘেরাও

খবর প্রতিবেদন |
০৫:২৮ পি.এম | ৩১ অক্টোবর ২০২৬


বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ‘বঙ্গসেনা’। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তিও দাবি করেছে তারা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে উপ-হাইকমিশনের দিকে রওনা হন গোষ্ঠীটির সদস্যরা। তবে পার্ক সার্কাস এলাকায় মিশনের দিকে এগোতে গেলে পুলিশের তৈরি তিন স্তরের নিরাপত্তাবলয়ের মুখে পড়েন তারা।

মিছিলে গেরুয়া পোশাক পরা নারী-পুরুষের পাশাপাশি বেশ কয়েকজন সাধু-সন্ন্যাসীও অংশ নেন। বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তবে মিছিলটি পার্ক সার্কাসের কাছাকাছি পৌঁছালে কলকাতা পুলিশ আগে থেকে তৈরি করে রাখা উঁচু কাঠের ও ধাতব ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।

উপ-হাইকমিশন চত্বর থেকে প্রায় ৩০০ গজ দূরে ‘বঙ্গসেনা’র সদস্যদের আটকে দেয় পশ্চিমবঙ্গ পুলিশ। পরে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন তারা।

‘বঙ্গসেনা’ জানিয়েছে, শনিবার উপ-হাইকমিশন বন্ধ থাকায় কোনো স্মারকলিপি জমা দেওয়া সম্ভব হয়নি।

এর আগে চলতি অক্টোবরের শুরুতেও বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছিল গোষ্ঠীটি। গত ৩ অক্টোবর ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) এবং বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা প্রায় একই দাবিতে মিশনের বাইরে বিক্ষোভ করেছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ