খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

‘আ’লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো

এইচএসসির ফল, বিএনপি সরকারকে প্রশংসায় ভাসালেন সারজিস

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে উল্লেখ করে বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-সদস্য সচিব সারজিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বিএনপিকে ধন্যবাদ দেন। 
এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪০ হাজার পরীক্ষার্থী। এই ফলাফলের মধ্য দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার য়কৃত অবস্থা সামনে এসেছে বলে মন্তব্য করেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফলে প্রকৃত চিত্র বের হয়ে এসেছে।’ 
শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরে যাওয়াকে দায়ী করেন সারজিস। বলেন, ‘এ পরিস্থিতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার দায় রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’
আওয়ামী লীগের শাসনামলের পরীক্ষার ফলাফলের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো। ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তখন পাসের হার ছিল ৯০ শতাংশ, অনেক শিক্ষার্থী এ প্লাস পেত। কিন্তু ঠিকমতো ইংরেজিতে একটা লাইনও লিখতে পারত না। আমরা ওই ধরনের শিক্ষাব্যবস্থা আর চাই না।’

প্রিন্ট

আরও সংবাদ